অন্যদের জন্য উন্মুক্ত হচ্ছে টেসলার চার্জিং স্টেশন
বাইডেন প্রশাসন ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ লাখ ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন চালুর নতুন একটি উদ্যোগ নিয়েছে। এই লক্ষে সাড়ে সাত বিলিয়ন ডলার তহবিল উন্মোচন করা হয়েছে। এরই অংশ হিসেবে ২০২৪ সাল নাগাদ টেসলা তাদের সাড়ে সাত হাজার চার্জিং স্টেশন অন্য কোম্পানির গাড়ির জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট।
২০২১ সালে টেসলা জানিয়েছিলো যে তাদের ওপেন-অ্যাক্সেস সুপারচার্জার প্রোগ্রাম যুক্তরাষ্ট্রজুড়ে চালু হবে। বর্তমানে ১৬টি ইউরোপিয়ান অঞ্চলে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এবার টেসলার পাশাপাশি বাইডেন প্রশাসনও তাদের পরিকল্পনা প্রকাশ করলো।
সাড়ে সাত হাজার চার্জিং স্টেশনের মধ্যে সাড়ে তিন হাজার নতুন এবং বিদ্যমান ২৫০ কিলোওয়াট সুপারচার্জার হাইওয়েতে থাকবে। বাকি স্টেশনগুলো লেভেল ২ ডেস্টিনেশন চার্জিং স্টেশন (সর্বোচ্চ ২২ কিলোওয়াট) বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, মফস্বল ও প্রান্তিক অঞ্চলে স্থাপিত হবে।
টেসলার একজন কর্মকর্তা জানিয়েছেন যে তাদের সুপারচার্জার নেটওয়ার্ক ৩০০ শতাংশ বৃদ্ধি করা হবে।
বাইডেন প্রশাসনের ফান্ড পেতে কোম্পানিগুলোকে সমন্বিত চার্জিং সিস্টেম (সিসিএস) চালু করতে হবে। এছাড়া স্মার্টফোনবান্ধব পেমেন্ট অপশন থাকতে হবে। ব্যবহারকারীরা যে ইলেকট্রিক গাড়ি চালাক না কেনো সেটি প্লাগইন নিশ্চিত করা এবং কতো চার্জ করা হবে ইত্যাদি তথ্য নিশ্চিত করতে হবে।
টেসলার পাশাপাশি জিএম এবং ফোর্ডের মতো প্রতিষ্ঠানও ইতিমধ্যে বাইডেন প্রশাসনকে এই প্রকল্পে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ডিবিটেক/বিএমটি







